
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে আজ রবিবার একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং জাতীয় রাজস্ব বোর্ড,বাংলাদেশ (এনবিআর)-এর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইউনিয়ন,পৌরসভা ও সিটি কর্পোরেশনে অবস্থিত ডিজিটাল সেন্টার থেকে রাজস্ব বোর্ডের বিভিন্ন সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড,বাংলাদেশ এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-এর মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
রূপকল্প-২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে,দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এটুআই প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক সমূহের আওতায় ইতোমধ্যে বিভিন্ন ধরণের সরকারি-বেসরকারি সেবা ডিজিটাল সেন্টার থেকে প্রদান করা হচ্ছে। এর ফলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায়, জাতীয় রাজস্ব বোর্ড এর সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ডিজিটাল সেন্টার থেকে জাতীয় রাজস্ব বোর্ড এর বিভিন্নসেবা ই-টিন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন, বিন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং গ্রাহক সম্পর্কিত অনলাইন সেবা ইত্যাদি দেয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ডিজিটাল সেন্টারের মাধ্যমে এসকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ফলে দেশের তৃণমূল পর্যায়ের জনগণ সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে রাজস্ব বোর্ডের সেবাসমূহ গ্রহণ করতে পারবে। এ ছাড়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সেবা প্রদানের বিপরীতে আকর্ষণীয় কমিশন লাভ করবে যা তাদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও ডিজিটাল সেন্টার টেকসই হবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট থেকে অনলাইন ক্যালকুলেটর এর মাধ্যমে আয়করের হিসাব সংগ্রহ এবং আয়কর রিটার্ন প্রস্তুত করা সম্ভব হচ্ছে। বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রায় ২৯ লাখ নাগরিকের ই-টিন গ্রহণ ও লক্ষাধিক নাগরিককে অনলাইন ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস প্রদান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে মূসক,আয়কর ও শুল্ক বিভাগের বিভিন্ন কার্যক্রম অটোমেশন বা স্বয়ংক্রিয়করণের উদ্যোগের ফলে কর্মকর্তাদের কর্মদক্ষতা ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে,পাশাপাশি জাল-জালিয়াতি নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজিটাল সেন্টার থেকে প্রায় ২৭ কোটি ৮০ লাখ সেবা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩০ হাজার ২০৭ টি ব্যাংক একাউন্ট খোলা,৭৮ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেন,৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা রেমিট্যান্স উত্তোলন সেবা প্রদান,২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকা পাসপোর্ট ফি প্রদান,অনলাইনে ১২,০০০টি পাসপোর্টের আবেদন সেবা প্রদান,বিদেশ গমনেচ্ছু ২০ লক্ষাধিক নারী-পুরুষ শ্রমিক ও পেশাজীবীদের অনলাইন নিবন্ধন এবং সেন্টার থেকে আবেদন করে ৪ লাখ ৫০ হাজার জমির পরচা লাভ ডিজিটাল সেন্টার থেকে সেবা পাওয়ার অনন্য নজির। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং জাতীয় রাজস্ব বোর্ড এর উর্দ্ধতন কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।