
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৫টি গরু মারা গেছে। আজ রবিবার দুপুরে মরিচ্যা বাজারে আকস্মিক এ ঘটনা ঘটে। তবে প্রাণে রক্ষা পেয়েছে বাজারের অনেক লোকজন। এলাকাবাসী জানিয়েছেন,আজ বাজারটির সাপ্তাহিক হাটের দিন ছিল। বাজারের দক্ষিণ পার্শ্বে বসে গরুর বাজার। এলাকার লোকজন গৃহস্থালি ঘরের গবাদি পশু বিক্রির জন্য গ্রামের বাজারটিতে নিয়ে আসে। দুপুরে আকস্মিক পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা এবং হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ ইসলাম জানান,এ সময় বাজারে প্রচুর সংখ্যক লোকজন জমায়েত হয়েছিল। আকস্মিক বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লেও বড় ধরণের লোকজনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি জানান,মারা যাওয়া গরুগুলোর মধ্যে স্থানীয় ভালুকিয়া পালং গ্রামের কৃষক বদিউল আলমের একটি ও পাগলিরবিল গ্রামের আছদ আলীর ৪টি গরু রয়েছে।