
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী কঙ্কাবতী মণ্ডলকে (৩৮) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে ফকরাবাদ গ্রামের অনিল মণ্ডলের মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বিজন মণ্ডলকে আটক করেছে। আজ রবিবার ভোরে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সম্প্রতি বিজন মণ্ডল তার বাড়ির পাশে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর এই পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী বিজন মণ্ডল আজ রবিবার ভোরে কঙ্কাবতীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে। সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনা নিশ্চিত করে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।