
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মি. পিটার টমসনের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচির টেকসই অর্থায়ন অনুসন্ধান'এর পরামর্শক পর্ষদের অন্যতম সাবেক সদস্য অধ্যাপক ড. আতিউর রহমান আজ ১১ জুন নিউ ইয়র্ক রওনা হয়েছেন। টেকসই অবকাঠামোর জন্যে অর্থায়ন'বিষয়ে তিন দিনের যে বিশেষ বৈঠক (রিট্রিট) অনুষ্ঠিত হবে তাতে ড. রহমান তার বাস্তব অভিজ্ঞতালব্ধ মতামত তুলে ধরবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে আয়োজিত এই রিট্রিটের বিষয় হচ্ছে টেকসই অবকাঠামো উন্নয়নে নয়া আর্থিক অংশীদারিত্ব ত্বরান্বিতকরণ। সরকারি কর্মকর্তারা ছাড়াও উন্নয়ন অর্থায়নের বিভিন্ন বিষেশজ্ঞ এতে অংশগ্রহণ করবেন। ব্যক্তিখাতের বিনিয়োগকারী,সম্পদব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই বিশেষ বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বিশেষ বৈঠক শেষে ড. আতিউর রহমান ইউএনডিপির সদর দপ্তরে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে আর্থিক অন্তর্ভুক্তি ও মোবাইল আর্থিক সেবার ভূমিকা'বিষয়ে একটি বিশেষ বক্ততাও দেবেন।