News71.com
 Bangladesh
 11 Jun 17, 04:10 PM
 215           
 0
 11 Jun 17, 04:10 PM

অসহনীয় লোড শেডিং-এর প্রতিবাদ রংপুরের পীরগাছায় বিদ্যুৎ অফিস ঘেরাও ,সড়ক অবরোধ।।    

অসহনীয় লোড শেডিং-এর প্রতিবাদ রংপুরের পীরগাছায় বিদ্যুৎ অফিস ঘেরাও ,সড়ক অবরোধ।।      

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় আজ রবিবার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ,সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগাছায় তীব্র লোডশেডিং,গ্রাহক হয়রানীসহ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম ও ডিজিএম এর বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিদ্যুৎ গ্রাহকরা।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত গ্রাহক পীরগাছা জোনাল অফিসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বিক্ষোভকারীরা রংপুর-পীরগাছা সড়ক অবরোধ করে সড়কের উপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফলে রংপুর-পীরগাছা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনায়স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পীরগাছা জোনাল অফিস ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২ মাস ধরে তীব্র লোডশেডিং এর কবলে পীরগাছা উপজেলা বাসী। গড়ে প্রতিদিন স্থান ভেদে ২/৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

এদিকে জুন মাসের মধ্যে সিস্টেম লস কমিয়ে আনতে ইচ্ছাকৃত ভাবে লোডশেডিং করার অভিযোগ উঠেছে জিএম ও ডিজিএম এর বিরুদ্ধে। এদিকে বকেয়া বিলের নামে রমজান মাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করার ঘটনায় বিদ্যুৎ গ্রাহকরা ক্ষুব্ধ। পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান,বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে গ্রাহকদের কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। অফিসে যেন ভাংচুরের ঘটনা না ঘটে এর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোনে কথা বলতে রাজি হননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন