
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে ইভিএম প্রয়োগে সরকার চাপ প্রয়োগ করবে না। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিলে স্বাগত জানানো হবে। আমরা চাই, নির্বাচন কমিশন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করুক। আজ শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে নির্বাচনে ইভিএম এর ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় এই অভিমত দেন আব্দুর রাজ্জাক। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বক্তব্য রাখেন।
আব্দুর রাজ্জাক বলেন,বাংলাদেশের সংবিধান সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সর্বাধিক ক্ষমতা দিয়েছে। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নৈতিক শক্তি দিয়ে এ ক্ষমতা প্রয়োগ করতে হবে। নির্বাচন সহায়ক সরকার সম্পর্কে তিনি বলেন, বিএনপি এ বিষয়ে দাবি করলেও এখন পর্যন্ত এ ধরণের সরকারের কোনো রূপরেখা উপস্থাপন করেনি। তবে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকার সব ধরণের উদ্যোগ গ্রহণ করবে। বিএনপি নেতা মঈন খান বলেন,প্রযুক্তি এক শতাংশ ভুল করলেও মানবাধিকার লঙ্ঘন হয়। তাই যন্ত্র ব্যবহারের সাথে যে মানুষ সম্পৃক্ত আছেন তাদের সততা ও স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন,ইভিএম ছাড়াও নির্বাচন সুষ্ঠু করার অন্যান্য উপাদানের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তিনি উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,দেশের প্রধান দুই দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চায়। যদিও আগামী নির্বাচন কেমন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান রয়েছে। প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে ছাড় দিয়ে ঐক্যমত্যে পৌঁছা উচিৎ। প্রতিযোগিতার সরকারি দল হিসেবে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক পরাজিত করে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়।