
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পর ওপর আরোপিত অতিরিক্ত কর কমানোসহ পাঁচ দফা দাবিতে আবারও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৈষম্যমূলক শুল্কনীতির বিরুদ্ধে বিড়-শ্রমিক প্রতিবাদ সমাবেশে ফেডারেশনের নেতারা এ হুমকি দেন। সমাবেশে সিগারেটের ওপর কর না বাড়িয়ে বিড়ির ওপর বাড়ানোর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা প্রত্যাহার করার দাবি জানানো হয়। এ ছাড়াও বিড়ি শিল্প বন্ধে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যার,আমেরিকান টোবাকো কম্পানির দালালী বন্ধ,সব ধরনের বিদেশি সিগারেট বন্ধ,বিড়ি শ্রমিকদের কর্মসংস্থান নষ্টের ষড়যন্ত্র বন্ধ ও প্রতি হাজার বিড়ির মজুরী ৮০ টাকা করার জোর দাবি জানানো হয়। আর এ দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীত ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিড়ি শ্রমিকদের নিয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মেসবাহ কামাল। সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান,ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী,শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন,আমি অর্থমন্ত্রীকে পরিস্কার করে বলে দিত চাই,আপনি ব্রিটিশ টোবাকোর মন যোগাতে বাংলাদেশের বিড়ি শিল্প ধ্বংস করবেন না। এটা করলে ২ বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ নয়, আপনাকেই উৎখাত করা হবে। বিড়ি শ্রমিকদের দাবি আমাদের দাবি। আমি আগামী ১৫ তারিখ জাতীয় সংসদে এ বিষয় নিয়ে আলোচনা করব। যাতে প্রধানমন্ত্রী এটা বিবেচনায় নেয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন,এ অর্থমন্ত্রী আগে এরশাদকে ডুবিয়েছেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুবাবেন। আসলেই অর্থমন্ত্রীই সব অনর্থের মূল। আমাদের দেশে এখনও মুক্তি আসেনি। কারণ আমাদের সরকার ব্রিটিশ-আমেরিকা বা তথা কথিত বিদেশিদের ওপর নির্ভর্শীল। তাই শ্রমিকদের কথা তারা ভাবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলব,অর্থমন্ত্রীকে ঠেকান-শ্রমিক বাঁচান।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন,অর্থমন্ত্রী বিড়ির পুরো বাজারটা সস্তা সিগারেটের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর। হতদরিদ্র গ্রামের শ্রমিকদের কথা না ভেবে তিনি বহুজাতিক কম্পানির স্বার্থ রক্ষায় কাজ করছেন। তিনি বৈষম্যমূলক শুল্কনীতির মাধ্যমে বিড়ি শিল্পকে ধ্বংসের পায়তারা করছেন। তার এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড ও তারই উপদেষ্টা বিশিষ্ট দালাল মশিউর রহমান। আমি তাদেরকে এ দালালী বন্ধ করে বিড়ি শিল্পের অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানায়।
সমাবেশে আরো জানানো হয়,গত ১১৪ বছরে প্রতি এক হাজার বিড়িতে শুল্ক বেড়েছে ১২৬ দশমিক ৩৮ টাকা। আর প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাব করা হয়েছে ১৭২ দমমিক ৭২ টাকা। ২০০৩-২০০৪ অর্থবছরে বিড়িতে হাজারে শুল্ক ছিল ৩০ দশমিক ৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে করা হয়েছে ১৯৭ দমমিক ২৮ টাকা। গত কয়েক বছরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। এই শ্রমিকদের বেশির ভাগ হতদরিদ্র,স্বামী পরিত্যক্তা বিধবা। যারা যুগ যুগ ধরে বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে।