
নিউজ ডেস্কঃ সুন্দরবনে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সুন্দরবনের হড্ডা খালে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক জলদস্যু ও র্যা বের দুই সদস্য আহত হন। রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক,একটি এয়ারগান,একটি পাইপগান,৭৭টি শটগানের গুলি,১৫টি রাইফেলের গুলি,পাঁচটি গুলির খোসা ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
র্যা ব-৬-এর খুলনার লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর জানান,সুন্দরবনের হড্ডা খাল এলাকায় জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে র্যা ব ও পাইকগাছা থানার পুলিশ ওই এলাকা ঘেরাও করে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে যৌথ বাহিনীর ওপর গুলি বর্ষণ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরাও গুলি ছোড়ে। এক পর্যায়ে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিতে নিহত হন। রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।