News71.com
 Bangladesh
 10 Jun 17, 02:34 PM
 196           
 0
 10 Jun 17, 02:34 PM

পুলিশ আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে ।। বিএনপি নেতা রুহুল কবির রিজভী    

পুলিশ আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে ।। বিএনপি নেতা রুহুল কবির রিজভী      

নিউজ ডেস্কঃ পুলিশ আর আওয়ামী লীগ একাকার হয়ে ইফতার মাহফিলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এভাবে বিরোধীদলকে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে সরকার বিরত রাখতে চায় বলে দলটির অভিযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,পবিত্র রমজান মাসে বিশ্বের মুসলিমজাতি যখন রমজানে সিয়াম সাধনা করছে,তখন দেশে সরকারের সন্ত্রাসীরা বিরোধীদলীয় ইফতার মাহফিলে আক্রমণ করছে। বাড়িতে বাড়িতে হানা দিয়ে আক্রমন করছে। তারা দ্রুত বিচার আইনের অধীনে মামলার ভয় দেখাচ্ছে।

আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন,গতকাল শুক্রবার নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ইফতার মাহফিলে বাধা দিয়েছে। মঞ্চ পন্ড করেছে। ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে ইফতার মাহফিল ভাঙচুর করেছে। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হলে তার বাড়িতে হামলা চালায় পুলিশ। পরে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। ঢাকার দোহারেও ইফতার মাহফিলে বাধা দেয়া হয়েছে। মনে হচ্ছে পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন,দেশে বন্দুকযুদ্ধের নামে প্রতিনিয়ত চলছে বিচারবহির্ভূত হত্যাকান্ড। গ্রেফতার করা হচ্ছে বহু সাধারণ মানুষকে। দেশে সরকার আছে বলে মনে হয়না। তবে যারা এধরনের কাজ করছে তাদেরও কালো তালিকা হচ্ছে। কেউ পার পাবেননা। কারণ আপনারা জঘন্যতম মানবতাবিরোধী কাজ করছেন। দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন,আজকে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। এই হলো দেশের বর্তমান অবস্থা।

নরসিংদীতে জেলা ছাত্রদল নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে জানিয়ে তিনি অবিলম্বে তার সন্ধান দাবি করেন। রিজভী বলেন,রমজান মাসে দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিল গুলোতেও অনুমতি দেয়া হচ্ছেনা। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমণ চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপি সহ বিরোধীদলগুলোকে রাজনৈতিক কর্মকান্ড তো দূরে থাক ধর্মীয় অনুষ্ঠান করতেও হিংসার আশ্রয় নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন