
নিউজ ডেস্কঃ সাভারের বিরুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে শীর্ষ সন্ত্রাসী আলা-আমিনের বাড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের সহিদুল মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন-সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই তারিকুল, এএসআই মহসিন,কনস্টেবল বাবুল ও কনস্টেবল শামিম।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,আজ শুক্রবার ভোরে সাভার মডেল থানা পুলিশের একটি দল বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে পুলিশ সদ্যরা একাধিক মামলার আসামি আল-আমিনের বাড়ি ঘিরে ফেলেন। এ সময় আল-আমিন ও তার সহযোগী ইসমাইল পুলিশের ওপর হামলা করলে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ নিজেদের রক্ষা করার জন্য সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালালে সন্ত্রাসী ইসমাইল গুলিবিদ্ধ হয় এবং আল-আমিন পালিয়ে যায়।
এদিকে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ সন্ত্রাসী ইসমাইলকে আটক করে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়াও আহত অবস্থায় পুলিশের এসআই তারিকুল ইসলাম এএসআই মহসিন কনস্টেবল বাবুল ও কনস্টেবল শামিমকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও পলাতক সন্ত্রাসী আল-আমিনের শ্বশুর সজল হকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।