
নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবড়া ইউনিয়নের উলিপুর গ্রামে।এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে,পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের উলিপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মুকুল হোসেন ও দেলোয়ার হোসেনের সাথে উলিপুর মৌজার জেএল নং ১১৬ এর ৪৫ শতক জমি নিয়ে এইক গ্রামের লাবু প্রমাণিক,মানিক,আবুল কালাম,শামসুল আলম,নজরুল ইসলাম,মঞ্জরুল হক বাচ্চু ও মোকলেছার রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গতকাল বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফয়েজ উদ্দিনকে নিয়ে জমির সীমানা নির্ধারনের সময় প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে মুকুল ও দেলোয়ারের উপর হামলা চালালে ঘটনাস্থলে মুকুল হোসেন (৩৮) মারাত্মকভাবে আহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ৭ জনকে আসামি করে নিহত মুকুলের বড় ভাই দেলোয়ার হোসেন পার্বতীপুর মডেল থানায় করেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামের একজনকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।