News71.com
 Bangladesh
 08 Jun 17, 03:37 PM
 319           
 0
 08 Jun 17, 03:37 PM

উৎকর্ষতার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।।সংসদে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

উৎকর্ষতার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।।সংসদে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি মোকাবেলায় প্রয়োজনীয় আইনগত,কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে বিভিন্ন কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম এসব কথা বলেন।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন,সাইবার নিরাপত্তা সম্পর্কে পিতা-মাতা-অভিভাবক হতে শুরু করে সমাজের সকল শ্রেণীর মানুষের সম্পৃক্ততায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। তিনি জানান,সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিটিআরসিতে বিডি-সার্ট গঠন করা হয়,যার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে কাজ করা সম্ভব হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অসংখ্য সরকারবিরোধী ও ধর্মবিরোধী কনটেন্ট আইআইজির সঙ্গে সরাসরি যোগাযোগ করে তা অপসারণের ব্যবস্থা করা হয়ে থাকে।

সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,টেলিযোগযোগ সেক্টরে অবৈধ ভিওআইপি ব্যবসা সবসময়ের জন্য একটি আলোচিত বিষয়। কিন্তু এ অবৈধ ব্যবসার দরুন সরকারের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন। অবৈধ ভিওআইপির জন্য বৈধ পথে আসা কলের পরিমাণ হ্রাস পেয়ে থাকে। টেলিযোগাযোগ সেক্টরে এ অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের জন্য বিটিআরসি থেকে সময় সময় নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান,আন্তর্জাতিক ইনকামিং কল রেট হ্রাস করা এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অবৈধ ভিওআইপির পাশাপাশি ওটিটি অ্যাপস সমূহের ব্যবহার আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ হ্রাসের অন্যতম কারণ।

প্রতিমন্ত্রী জানান,বৈদেশিক কলের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন প্রাইভেট আইজিডব্লিউ,আইসিএক্স এবং মোবাইলে বা প্রাইভেট ফোন অপারেটরের মাধ্যমে হয়ে থাকে। তাই দেশে অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য টিবিসিএলকে সুনির্দিষ্টভাবে দায়ী করা যায় না। বিটিসিএল অবৈধ ভিওআইপি কলের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তাছাড়া বিটিসিএল অবৈধ ভিওআইপির বিষয়ে নিয়মিত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন