News71.com
 Bangladesh
 07 Jun 17, 11:23 PM
 255           
 0
 07 Jun 17, 11:23 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও একটি রকেট লঞ্চারের শেল উদ্ধার।।  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও একটি রকেট লঞ্চারের শেল উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টর এলাকার একটি লেক থেকে আরও একটি রকেট লঞ্চারের শেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে শেলটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক বলেন,রূপগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর থেকে লেকে আরও অস্ত্র-গোলাবারুদ আছে কি না,সেটি তল্লাশি করার জন্য সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশন করা হয়। পরে লেকের প্রায় অর্ধেক পানি সেচ করা হলে পানিতে একটি বক্স দেখতে পায় পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বক্সটি লেকের পাড়ে তুলে এনে খোলা হলে সেখানে একটি রকেট লঞ্চারের তাজা শেল পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন,গত শুক্রবার পূর্বাচল উপশহরের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর থেকে ওই লেকসহ আশপাশের এলাকায় পুলিশি প্রহরা বসানো হয়েছে। গত ছয় দিন ধরেই পুলিশ লেকের পানি সেচের চেষ্টা করছে। লেকটি বড় হওয়ায় পানি সেচতে সময় লাগছে। পানি নিষ্কাশন শেষ হলে তল্লাশি চালানো হবে। কিছু না পাওয়া গেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন,মোট ১০টি পানি নিষ্কাশন যন্ত্র (শ্যালোমেশিন) দিয়ে পানি সেচের কাজ চলছে। এরই মধ্যে লেকের প্রায় অর্ধেক পানি সেচা হয়েছে। আগামীকালের মধ্যে পানি সেচের কাজ শেষ হতে পারে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত থেকে পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ পূর্বাচল উপশহরের ৩ ও ৫ নম্বর সেক্টরের অভিযানে দুটি রকেট লঞ্চার, ৬২টি সাব-মেশিনগান,৫টি পিস্তল,৪২টি হ্যান্ড গ্রেনেড, ৪৫টি ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলিসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন