
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করে শিগগিরই এ খাতের জন্য নতুন নীতিমালা তৈরির প্রাথমিক কাজ শুরুর কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ যুগোপযোগীকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি। প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন,সিটিজেন বেনিফিট,রিফ্লেকশন,জাস্টিফিকেশন-এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা এবার আইসিটি নীতিমালাটি নতুনভাবে প্রণয়ন করব। ই-কমার্সের ট্রানজিশন,ট্রেড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিও আমাদের মাথায় রাখতে হবে।
এ সময় তিনি ক্রিয়েটিভ ইকোনমি ও ভার্চুয়াল অ্যাডুকেশনের উপর গুরুত্বারোপ করে বলেন,আমরা তথ্যপ্রযুক্তি খাতে এখন বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। গোটা বিশ্ব এখন আমাদের ‘টেস্ট কেস’হিসেবে নিয়েছে। বাংলাদেশের স্যোশ্যাল প্রবলেমগুলো সলভ করতে এগিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ বিষয়টি মাথায় রেখে আমাদের ইনোভেটিভ একটি ডিজাইন তৈরি করতে হবে। নতুন নীতিমালা প্রণয়ণের আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত আলোচনা শুরু করতে চান প্রতিমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার,ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।