
নিউজ ডেস্কঃ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন,সারা দেশে সবুজায়নের বিপ্লব করতে হবে। জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। আজ বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ‘পরিবেশ বিপর্যয় রোধে ছাত্র সমাজের করণীয়’শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন,বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারাদেশে ছাত্রলীগ নেতা-কর্মীদের বনজ,ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে। তিনি বলেন,নেত্রীর নির্দেশে আমরা হাওরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এবার নেত্রী নির্দেশ দিয়েছেন জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণের। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সারা দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ করে আমরা প্রমাণ করব আমরাই নেত্রীর ভ্যানগার্ড।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন,জলবায়ুর পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন রোধ সম্ভব হবে বৃক্ষ রোপনের মাধ্যমে। একটি দেশে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। যেখানে আমাদের দেশে ১৭ ভাগ। তাই বনভূমি বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় চরাঞ্চলে গাছ লাগানোর মতো মহৎ কাজ করায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ধন্যবাদ জানান ছাত্রলীগ সভাপতি। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।