
নিউজ ডেস্কঃ আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ কর্মীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য আহত হওয়ার ঘটনার সূত্র ধরে আটজনকে আটকের জেরে জেলার বিভিন্ন সড়কে যানবাহনে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তার দাবীতে জেলার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের মিছিলে পুলিশের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ সমর্থিত হিল উইমেনস ফেডারেশন এর সদস্যদের হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর ছয় সদস্য আহত হন। এ ঘটনায় ১৯জনকে আটক করা হলে পরে আটজনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। ঘটনার পরপরই জেলার বিভিন্ন সড়কে যানবাহনে আগুন, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। নিরাপত্তার দাবীতে পরিবহন শ্রমিকরা বিকেল সাড়ে ৩টার দিকে সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
তবে এ নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে। এ সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠি চার্জ করলে অন্তত ১০ শ্রমিক আহত হয় বলে দাবী করেছে পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন,উত্তেজনাকর পরিস্থিতিতে মিছিলের কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল।
খাগড়াছড়ি সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান,দুপুর থেকে জেলার বিভিন্ন সড়কে ইউপিডিএফ কর্মীরা অন্তত ২৫-৩০টি গাড়ী অগ্নিসংযোগ,ভাঙচুর ও চালকদের মারধর করে। বিজিবি'র একটি সূত্র জানান, পূর্বের কোনো কর্মসূচি বিহীন হঠাৎ সকাল দশটার দিকে স্বনির্ভর বাজারে সমবেত হওয়ার চেষ্টা করে ইউপিডিএফ ও হিলউইমেন্স ফেডারেশন। এ সময় পুলিশ বাঁধা দেয়। কিন্তু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজিবির কাছে সহযোগিতা চায়। বিজিবি পুলিশের সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই সমবেত ইউপিডিএফ ও হিল উইমেনস ফেডারেশন কর্মীরা আক্রমণ করে। এলোপাথাড়ি ইটপাটকেল ও গুলতি ছুড়তে থাকে। এসময় ইটপাটকেল ও গুলতির আঘাতে তিনজন বিজিবিসহ পুলিশের বেশ কয়েকজন আহত হন।
খাগড়াছড়ি সদর থানার এসআই আব্দুল আল মাসুদ জানান,হামলায় এসআই হায়াতসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় হিল উইমেনস ফেডারেশনের আটজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের আটকের জন্য অভিযান চলছে। তবে ইউডিপিএফ'র তথ্য ও প্রচার সম্পাদক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,নিরাপত্তা বাহিনী ও বিজিবি’র সদস্যরা তাদের কর্মীদের উপর হামলা চালিয়ে আটজনকে আটক করেছে।' এ দিকে ঘটনার পরপরই মানিকছড়িতে এলাকায় কাঁঠাল বোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।