
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইব্রাহিম তার সহযোগীদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে।
কসবা থানা পুলিশের দাবি,গতকাল মঙ্গলবার রাতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে আটক করে। পরে রেনুয়ারাকে নিয়ে থানায় আসার পথে চণ্ডিদ্বার গ্রামের একটি সড়কে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ইব্রাহিম ধারালো দা দিয়ে এসআই রফিকুলের মাথায় কোপ দেন। এ সময় ইব্রাহিম ও তার সহযোগীরা আটক রেনুয়ারাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজ,তিনটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে।