
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ঈদুল ফিতরকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ। সে লক্ষ্যে এই ঈদের আগে চলতি রমজানেই প্রত্যেক আসনের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে রাখবে তারা। শুধু তাই নয়, যেসব আসনে সম্ভাব্য তালিকা বা প্যানেল ঠিক করতে খুব একটা সমস্যা হয়নি, সেসব আসনে রমজানের শুরতেই এই সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন, রমজান মাসে ইফতার কেন্দ্রীক জনসংযোগ হয়ে থাকে। আর এই জনসংযোগ চলে পুরো রমজান মাসব্যাপীই। তাই যেসব আসনে সম্ভব হয়েছে রমজানের শুরুতেই সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। যাতে এই মাসটি তারা কাজে লাগাতে পারেন।
আর সর্বোচ্চ সংখ্যক ভোটারের সঙ্গে জনসংযোগের উপলক্ষ তৈরি হয় প্রধানত ঈদে। এর অন্যতম একটি কারণ হচ্ছে, অনেক ভোটার আছেন যারা গ্রামে বা দেশে থাকেন না, কিন্তু ঈদে বাড়ি আসেন। নির্বাচনের সময় তারা দেশে থাকেন বা না থাকেন, কিন্তু পরিবার বা স্বজনের ভোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের বড় ভূমিকা থাকে। সবমিলে রমজানের শুরুতে না পারলেও ঈদের আগেই সবুজ সংকেত দেওয়ার কাজ সম্পন্ন করবে আওয়ামী লীগ। জানা গেছে, এ সংক্রান্ত তালিকা বর্তমানে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার দপ্তরে আছে। মূলত মাঠ জরিপের ফলাফলের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে একটি জরিপ নয়, এই তালিকা বা প্যানেল করা হয়েছে চারটি জরিপের ফলাফলের সমন্বয়ে। এই চারটি জরিপের মধ্যে দুইটি করা হয়েছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, একটি দলের কোর টিম, আর অন্যটি করেছে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।
এদিকে এই চারটি জরিপও করা হয়েছে, নির্দিষ্ট চারটি বিষয়ের ভিত্তিতে। এগুলো হলো: (১) নির্বাচিত হওয়ার পর থেকে সংসদীয় এলাকায় উন্নয়নমূলক কাজ কেমন করেছেন (এমপির ক্ষেত্রে প্রযোজ্য), (২) এলাকায় নির্দিষ্ট ব্যক্তির পক্ষে জনমত কেমন, (৩) প্রতিপক্ষের প্রার্থী আর্থিকভাবে অনেক বেশি সামর্থবান হলে, তার তুলনায় আওয়ামী লীগের প্রার্থীর আর্থিক অবস্থা কেমন, (৪) সবমিলে প্রধান প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থীকে টপকে নির্বাচনে জেতার সক্ষমতা রাখে কিনা। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ শ’খানেক নতুন প্রার্থী দেবে। তবে এটি নতুন কিছু নয়। গত দশম জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসায় আবার তালিকা করে রাখা নতুন জনপ্রিয় প্রাথীদের বাদ দিয়ে বেশীরভাগ পুরোনোদেরই পূনর্বহাল করে দলটি ।
Seen by Ajay Sarkar at 11:44pm