
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফের ১৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গবাদি পশুর রোগ অ্যানথ্র্যাক্স মানবদেহে ছড়িয়ে পড়ায় ওই এলাকার মানুষের মধ্যে গরুর মাংস খাওয়া নিয়ে ভীতি ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিম গঠন করে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। প্রাণী সম্পদ বিভাগ সঠিক সময় গবাদি পশুকে ভ্যাকসিনের আওতায় না আনায় বার বার এ রোগের প্রার্দুভাব ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অ্যানথ্র্যাক্স আক্রান্তরা হলেন,মোহনপুর মিলপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫),খোকন আলীর ছেলে কামরুল (১৪),কালিয়াকৈড় গ্রামের মমতাজ প্রামানিকের ছেলে শাহ আলম (৪০),আব্দুল করিমের ছেলে আকরাম আলী (৩০),আবুল হোসেনের ছেলে আরিফ (৩৫),আব্দুল কুদ্দুসের ছেলে মাসুদ (২৭),মুজা আকন্দের ছেলে আব্দুস সামাদ (৫০),শাহীন আলীর মেয়ে রিমা (৩),বাহের আলীর স্ত্রী ফাতিমা (৭০),রানা প্রামানিকের স্ত্রী রাশিদা (৩১),আবুল কাশেমের ছেলে হান্নান (৪০),হান্নান আলীর স্ত্রী জাহানারা (৩০),ছেলে বাদশা (১৪), শাহ আলমের মেয়ে সেতু (১০) এবং মাহমুদ আলীর ছেলে সিয়াম (১০)।
স্থানীয়রা জানায়,গত ২৯ মে কালিয়াকৈড় গ্রামের হাজী আবুল হোসেনের অসুস্থ গরু জবাই করে গ্রামবাসীদের নিকট কমদামে বিক্রি করে। এই মাংস কাটাকাটি ও নারা-চাড়ার সাথে জড়িতদের প্রথমে হাত-পা-চোখসহ শরীরের বিভিন্ন স্থানে কালো ক্ষত ও ঘায়ের মতো দেখা দেয়। স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে চিকিৎসকরা এটিকে অ্যানথ্র্যাক্স বলে শনাক্ত করেন। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মনজুর রহমান জানান,এ পর্যন্ত ১৮জন রোগী সনাক্ত করা হয়েছে। প্রত্যেককে হাসপাতালের বর্হিঃবিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আক্রান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে।