News71.com
 Bangladesh
 05 Jun 17, 04:04 PM
 155           
 0
 05 Jun 17, 04:04 PM

মনু ও ধলাই নদিতে ৯টি ভাঙন, মৌলভীবাজারে ৩ উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি।।  

মনু ও ধলাই নদিতে ৯টি ভাঙন, মৌলভীবাজারে ৩ উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি।।   

নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা প্রবল ঢল ও গত দুই দিনের বর্ষণে মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদির প্রতিরক্ষা বাঁধের ৯টি ভাঙন দিয়ে পানি ঢুকে গত রবিবার (৪ জুন) সন্ধ্যা থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া,রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। মনু নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর,দক্ষিণ মাজানগর ও কটারকোনায় এলাকায়। রাজনগর উপজেলার কোনাগাঁও,উজিরপুর ও ভূঁইয়াগাওয়ে। ধলাই নদিতে ভাঙন দেখা দিয়েছে কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর,ঘোড়ামারা ও নাজাতকোনায়।

এসব ভাঙন দিয়ে পানি ঢুকে ৩টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর,ফসলি জমি সহ সবজি ক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয়রা অভিযোগ করেছেন,পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন আশঙ্কার কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু প্রতিরোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মনু নদের প্রতিরক্ষা বাঁধ চাতলাপুর,টগরপুর,কামারচাক,রনচাপ,ভাঙ্গারহাট সহ আরো কয়েকটি স্থানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

কুলাউড়ার নিশ্চিন্তপুরের ভাঙনের মুখে পড়া ১২টি ঘর পানির স্রোতে ভেসে গেছে বলে হাজীপুর ইউনিয়নের মেম্বার জয়নুল জানিয়েছে। বন্যার পানিতে বেশ কয়েকটি মাছের খামার ডুবে গেছে। মেম্বার জয়নুল জানান,মানুষের দুর্ভোগ দেখছি। কিন্তু কোনো সাহায্য করতে পারছি না। এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়নি। শত শত মানুষ নিজেদের উদ্যোগে নদীর তীরের বাঁধে এসে আশ্রয় নিয়েছেন। গবাদিপশুও বাঁধের ওপর রাখা হয়েছে। কুলাউড়া,রাজনগর ও কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ত্রাণ বরাদ্দ হয়নি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন