
নিউজ ডেস্কঃ বিদায়ের আগে সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পেশাদার কূটনীতিক ইসমত জাহান। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো কূটনীতিককে এই মর্যাদা দেয়া হলো। ১ জুন ইসমত জাহানকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে আদেশ জারি করা হয়। এরপরই তিনি অবসরোত্তর ছুটিতে যান। ইসমত জাহান সর্বশেষ ওআইসির হয়ে ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন এবং নেদারল্যান্ডস ও বেলজিয়ামে রাষ্ট্রদূত ছিলেন।
২০১৬-এর সেপ্টেম্বর থেকে তিনি ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) স্থায়ী পর্যবেক্ষক ও দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এটা ওআইসিতে কোনো নারী হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ পদ। এ ছাড়া ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।