
নিউজ ডেস্কঃ গতকাল রবিবার রাত ১টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকায় ছিনতাইকারীদের হামলায় তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। এসময় একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির খন্দকার জানান,গতকাল রবিবার বিকেলে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় এলাকাবাসীর সহায়তায় নুরুল আলম নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার স্বীকারোক্তির আলোকে রুবেল ও রাশেদ নামে অপর দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মূল ছিনতাইকারী রায়হানকে গ্রেপ্তার করতে মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে রায়হান ও তার সহযোগীরা। এসময় পুলিশ কনস্টেবল রাকিব হোসেন,আবুল খায়ের ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমসহ আটককৃত অপর দুই আসামি গুলিবিদ্ধ হয়। ওসি হুমায়ুন কবির জানান,আহত ছিনতাইকারীদের চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পুলিশ সদস্যদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।