
নিউজ ডেস্কঃ দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সেনাশাসনের উচ্ছিষ্টভোগী রাজনৈতিক দল বিএনপি’রই বরং পায়ের তলায় মাটি নেই। কারণ এ দল মাটি থেকে গড়ে ওঠে নাই। তিনি বলেন,এ দল সৃষ্টি হয়েছে ক্ষমতার উচ্চ শিখরে বসে। কাজেই ক্ষমতার উচ্চশিখরে বসে যে দল তৈরি হয় তারই পায়ের নিচে মাটি থাকে না বা শিকড় থাকে না। এটাই হচ্ছে বাস্তবতা। সরকারের পায়ের তলায় মাটি নেই- বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে পচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং পরবর্তিতে অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে দেশে হত্যা,ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি প্রবর্তনের জন্য সাবেক সেনাশাসক জিয়াউর রহমানকে অভিযুক্ত করে তার তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে কারফিউ গণতন্ত্র প্রবর্তনের কথা সবিস্তারে উল্লেখ করেন। জিয়া এবং খালেদা জিয়ার শাসনামলে দেশবাসীর নাভিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলা এবং বিদেশের আদালতে প্রমাণ সাপেক্ষে বেগম জিয়া পুত্রদের অর্থপাচারেরও উল্লেখ করেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সাংবাদিক নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন,ওই সময় সাংবাদিকরা সত্যিই এক বিভীষিকাময় অবস্থা পার করেছে। শত শত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও ওই সময় একটি সাংবাদিক হত্যারও বিচার করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন,হারুন-অর-রশিদ,সরদার শুকুর হোসেন,হুমায়ুন কবির বালু,মানিক চন্দ্র সাহা,শেখ বেলাল উদ্দিন,কামাল হোসেন,দীপঙ্কর চক্রবর্তী,শহীদ আনোয়ার,সৈয়দ ফারুক আহমেদ,গোলাম মাহফুজ ও নাবিল আব্দুল লতিফসহ ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। তিনি বলেন,জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় ৫০০টি মামলা দায়ের এবং ৮০০ বারেরও বেশি হুমকি-হামলার ঘটনা ঘটে। বিভীষিকাময় নির্যাতনের শিকার হয়ে অনেক সংবাদকর্মী জীবন বাঁচাতে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন। জোট সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ সংবাদ সংস্থা,প্রেস কাউন্সিল,প্রেস ইনস্টিটিউট, রেডিও, টেলিভিশন সর্বত্র দলীয়করণ করা হয়।শেখ হাসিনা বলেন,দেশে সকল হত্যাকাণ্ডের যেমন বিচার হচ্ছে,তেমনি সকল সাংবাদিক হত্যারও বিচার হবে। আর মানুষ পুড়িয়ে হত্যা এবং হত্যার হুকুমের আসামিদের বিচার করা হবে।