
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার অদূরে সাভারে বিবাদমান জমির দখল নিয়ে সংর্ঘষে স্থানীয় যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল (৩৪) নিহত হয়েছেন। তিনি সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর থেকে তিনি যুবলীগের সঙ্গে সম্পৃক্ত হন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ রবিবার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিএম বাদশা ফয়সাল সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার সৈয়দ উজ্জামানের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান,আজ দুপুরে পৌর এলাকার জামসিং মহল্লার টেউটি পাড়ায় জনৈক আব্দুল কাদের এর পক্ষ নিয়ে যুবলীগ নেতা ফয়সাল ৩০/৪০ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাটপাড়া ব্রিজের পাশে ফেলু মিয়ার বিবাদমান ৪১ শতাংশ জমি দখল করতে যান। তারা মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে ঘটনাস্থলে পৌঁছে।
সেখানে পূর্ব থেকে অবস্থানরত প্রতিপক্ষ গ্রুপের ফেলু মিয়া,তার ছেলে শাহজাহান, ভাই ইয়াকুবসহ পরিবারের সদস্যরা তাদের প্রতিরোধ করেন। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে বাদশা ফয়সাল গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা সোয় ৩টার দিকে মারা যান। ফয়সালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান।
এদিকে এ ঘটনার পর জামসিং ও ভাটপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার দোকান-পাটও বন্ধ হয়ে গেছে দুপুরেই। ঘটনার পরপরই জমি দখলের চেষ্টাকারী আব্দুল কাদের গা ঢাকা দিয়েছেন। তার বাড়ির অন্য সদস্যরাও পালিয়ে গেছেন। জমির মালিক ফেলু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়। তাদের বাড়িতেও তালা ঝুলছে। সাভার মডেল থানান অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।