News71.com
 Bangladesh
 03 Jun 17, 09:48 PM
 286           
 0
 03 Jun 17, 09:48 PM

বাজেটে ব্যাংক আমানতের ওপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানাল এফবিসিসিআই  

বাজেটে ব্যাংক আমানতের ওপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানাল এফবিসিসিআই   

নিউজ ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর প্রস্তাবিত আবগারি শুল্ক সম্পূর্ণরুপে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আজ শনিবার রাজধানীর মতিঝিলস্থ ফেডারেশন ভবনে এফবিসিসিআইসহ ৯টি ব্যবসায়িক সংগঠনের বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এ অভিমত তুলে ধরা হয়। সংগঠনটির মতে,বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর ফলে আমানতকারী ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবেন। একই সঙ্গে বাজেটে ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক নির্ভরতা উৎপাদনশীল খাতের ঋণ প্রবাহ কমাবে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান তথা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য ব্যাংক লেনদেন করে থাকে মানুষ। বাজেটে ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। এতে আমনতকারী আমানত রাখতে নিরুৎসাহিত হবেন। এছাড়া অর্থ ব্যাংক চ্যানেলে না যেয়ে ইনফরমাল চ্যানেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে; যা অর্থনীতির জন্য শুভ নয়।

তিনি বলেন,স্বাস্থ্যহানী করে এমন পণ্য ছাড়া অন্য কোন খাতে আবগারি শুল্ক আরোপ করা ঠিক নয়। তাই ব্যাংকিং খাত থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন,বাজেটে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ২৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্যাংকিং খাতে সরকারের এ ঋণ নির্ভরতা উৎপাদনশীল খাতের ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। সংগঠনটির পক্ষ থেকে নতুন ভ্যাট আইনে বার্ষিক টার্নওভার সীমা ৩৬ লাখ টাকা থেকে আরও বৃদ্ধি এবং টার্নওভার কর ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য,এক লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত টাকা ব্যাংকে রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে,যা বর্তমানে আছে ৫০০ টাকা। আর ১০ লাখ টাকার ওপর থেকে ১ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে ২ হাজার ৫০০ টাকা কেটে রাখা হবে। যা বর্তমানে আছে ১ হাজার ৫০০ টাকা। একইসঙ্গে ১ কোটি টাকার উপর থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে আবগারি শুল্ক দিতে হবে ১২ হাজার টাকা, যা বর্তমানে আছে ৭ হাজার ৫০০ টাকা। আর ৫ কোটি টাকার উপর ব্যাংকে রাখলে কেটে রাখা হবে ২৫ হাজার টাকা। বর্তমানে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে রাখলে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক বাবদ কেটে রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন