
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অস্ত্র উদ্ধার অভিযান আবার শুরু করেছে পুলিশ। আজ শনিবার সকাল থেকে এই অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকে তল্লাশি চালাচ্ছে। এদিকে গতকাল শুক্রবারের পর আর কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক এই তথ্য জানান। এদিকে, রূপগঞ্জে পূর্বাচল উপশহরের গুতিয়াব এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার,৬২টি রাইফেল,৫টি পিস্তল,৪৯টি মর্টার শেল,২টি ওয়ারলেস,গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়,এর মধ্যে পিস্তলের গুলি ৮৭৯টি,রাইফেলের গুলি ৪৯৫টি, ম্যাগজিন ৬০টি,গ্রেনেড ৪২টি ও ৪৯টি ডেটোনেটর রয়েছে। আইজিপি একেএম শহীদুল হক,ডিআইজি শফিকুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মইনুল হক,রুপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর বীরপ্রতীক গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।