News71.com
 Bangladesh
 02 Jun 17, 11:09 PM
 267           
 0
 02 Jun 17, 11:09 PM

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থিনেতা ইকবাল হুজুর নিহত।।    

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থিনেতা ইকবাল হুজুর নিহত।।      

নিউজ ডেস্কঃ খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ ইকবাল সরোয়ার ওরফে 'ইকবাল হুজুর'(৪৮) নামে এক চরমপন্থি নিহত হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের মীনাক্ষী সিনেমা হলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ইকবাল হোসেন স্থানীয় আঞ্জুমান রোড এলাকার মৃত শেখ মনসুর আহমেদের ছেলে। তিনি একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে চরমপন্থি দল নেতা হোজি শহীদ হত্যা মামলা রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,চরমপন্থি দলের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (টাইগার খোকন) সদস্য শেখ ইকবাল সরোয়ার ওরফে 'ইকবাল হুজুর' রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর মীনাক্ষী সিনেমা হলের সামনে আঞ্জুমান মসজিদ ও কবরখানা সংলগ্ন স্থানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুকে,হাতে এবং পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গুলিতে ইকবাল সরোয়ার নিহত হয়েছেন। তিনি চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (টাইগার খোকন) গ্রুপের একজন সদস্য। তবে হুজুরের ছদ্মবেশে থাকতেন। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন