
নিউজ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভিত্তিক ১৪টি সংগঠন চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের জন্য কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা নতুন যৌথ প্রযোজনার ছবিগুলো কতটুকু নিয়ম মেনে করা হয়েছে,সেটিও খতিয়ে দেখার কথা বলেন নেতারা। আর শিগগিরই এফডিসির ১৪টি সংগঠন মিলে নতুন একটি কমিটি গঠন করার ঘোষণাও দেয়া হবে বলে জানান নেতারা। আজ শুক্রবার এফডিসিতে ১৪টি সংগঠনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন,যৌথ প্রযোজনার নীতিমালা মানা হচ্ছে না। কলকাতায় আমরা কোনো অবস্থান পাচ্ছি না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,আমাদের শিল্পী অর্ধেক নিতে হবে,তা যৌথ প্রযোজনার নীতিমালায় আছে। আমাদের শিল্পীদের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের আর একটি যৌথ প্রযোজনার ছবিও মুক্তি পাবে না। সহকারী চিত্রপরিচালক সমিতির সভাপতি এস আই ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন,যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশের একজন পরিচালকের নাম যায়,কিন্তু তিনি আসলে পরিচালনা করেন কি না তা সবাই জানেন,আবার কিছু শিল্পীও নেওয়া হয় কাজ করার জন্য। কিন্তু আমাদের এফডিসির কলাকুশলীরা সেখানে কাজ করতে পারেন না। যৌথ প্রযোজনার নীতিমালা কখনই আমাদের স্বার্থের বাইরে হতে পারে না। এখন থেকে আমরা ১৪টি সংগঠন এক হয়ে সব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
চলচ্চিত্র নির্মাতারা জানান,আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার দুই ছবি। শাকিব খান অভিনীত ‘নবাব’ ও কলকাতার জিত্ অভিনীত ‘বস-টু’। দুটি ছবিই যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। জাজের ইউটিউব চ্যানেলে ‘নবাব’ ছবির যে ট্রেইলার রয়েছে,সেখানে পরিচালক হিসেবে জয়দেব মুখার্জি ও আবদুল আজিজের নাম থাকলেও কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে আবদুল আজিজের নাম নেই। আবার জাজের ‘বস-টু’ ছবির ট্রেইলারে বাবা জাদব ও আবদুল আজিজের নাম আছে। কিন্তু কলকাতার জিত্’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ইউটিউব চ্যানেলে আছে শুধু কলকাতার পরিচালকের নাম। বাংলাদেশি শিল্পী বলতে ‘নবাব’ ছবিতে অমিত হাসান আর কমল রয়েছেন। ‘বস-টু’ ছবিতে বাংলাদেশ থেকে আছেন নুসরাত ফারিয়া,আমিত হাসান ও সীমান্ত। এ ছাড়া আর কোনো বাংলাদেশি শিল্পীকে ছবি দুটির ট্রেইলারে দেখা যায়নি।