News71.com
 Bangladesh
 02 Jun 17, 07:31 PM
 154           
 0
 02 Jun 17, 07:31 PM

নিরাপদ পানির দাবীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিক্ষোভ।।  

নিরাপদ পানির দাবীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিক্ষোভ।।   

নিউজ ডেস্কঃ নিরাপদ পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের ছাত্রীরা। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান,গত তিন মাস ধরে দিনে দুই-তিন বার করে পানি চলে যায়। আর যখন পানি থাকে তখন পানির সঙ্গে ময়লা বের হয়। যা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। বারবার হল প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবগত করলেও কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় হলের প্রায় দুই শতাধিক ছাত্রী ক্ষিপ্ত হয়ে বালতি,জগ, বোতল নিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী,সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল ও শ খানেক কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। দুপুর সাড়ে ৩টার দিকে আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান করা হবে- প্রক্টরের এমন আশ্বাসে ছাত্রীরা অবরোধ তুলে হলে ফিরে যান। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ বলেন,অনেক দিনের পুরনো পানির লাইনের জন্য এমন সমস্যা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল শাখাকে ছয়বার চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছি। তবে সমস্যাটি সমাধানে একটু বিলম্ব হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন