
নিউজ ডেস্কঃ বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ও ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে ঝালকাঠির অভ্যন্তরীণ ১৭টি রুটে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু চলছে। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট শুরু হয়। আকস্মিকভাবে ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীরা পড়েছে দুর্ভোগে। বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান,ঝালকাঠির আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে সম্প্রতি ম্যাজিক গাড়িগুলো চলাচল করছে। এদের চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের মারধর করে আসছে। ম্যাজিক গাড়িচালকদের বেপরোয়া সড়কে দাপটের কারণে প্রায়ই বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব কারণে বিক্ষুদ্ধ আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল বুধবার দুপুরে বাসস্ট্যান্ডে তাদের কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক নেতৃবৃন্দ ঝালকাঠি থেকে বরিশাল,খুলনা,পিরোজপুর ও বরগুনাসহ অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
ম্যাজিক গাড়ি বন্ধ করা না হলে বাস ধর্মঘট চলবে বলেও জানান আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। এদিকে বাস ধর্মঘটের কারণে এসব রুটে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।