News71.com
 Bangladesh
 31 May 17, 09:56 PM
 274           
 0
 31 May 17, 09:56 PM

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্য হোসেনি দালানে বোমা হামলায় জড়িত ১০ জঙ্গির বিচার শুরু।।  

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্য হোসেনি দালানে বোমা হামলায় জড়িত ১০ জঙ্গির বিচার শুরু।।   

নিউজ ডেস্কঃ চার’শ বছরের ঐতিহ্য রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে ইমামবাড়ার তাজিয়া মিছিলে রক্তের দাগ লাগানো নারকীয় বোমা হামলার মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র দশ জঙ্গির বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) এর এ/বি/সি/ডি/ই ধারায় অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামি ১৫ জুন দিন ধার্য করে মামলাটি বিচার নিস্পত্তির জন্য ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। ফলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হল।

আসামিদের ছয়জন কারাগারে আছেন। কারাগারে থাকা আসামিদের চার্জ শুনানির জন্য আদালতে হাজির করা হয়। জামিনে থাকা চার আসামিও আদালতে হাজির ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনালে নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান। আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পি পি তাপস কুমার পাল জানান, আসামিদের বিরুদ্ধে আইনের আনিত ধারার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মামলাটির চার্জশিট দাখিলের পর বিচারের জন্য এ আদালতে আসার পর গত ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়।

এর আগে মামলার চার্জশিট চুড়ান্ত হলেও তা দখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেতেই ছয়মাস লাগে। চার্জশিট দাখিলের অনুমোদন পেতে গত বছরের ২১ এপ্রিল আবেদন করে তদন্ত সংস্থা। ছয়মাস পর ১৩ অক্টোবর অনুমোদন দেয়া হয়। পরে ১৮ অক্টোবর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন মামলার তদন্ত শেষে সন্ত্রাসবিরোধী আইনে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য বলে উল্লেখ করা হয়।

তারা জানায়, হামলার ১২ দিন আগে গত বছরের ১০ অক্টোবর তারা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। ১৬ অক্টোবর আসামি মাসুদ, রুবেল, আশিক, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন। আর রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন হামলার পরিকল্পনাকারী। এদের সঙ্গে মাসুদ রানাও পরিকল্পনায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি ও তার সহযোগীরা হোসেনি দালানের কাছাকাছি ঘর ভাড়া নেন। হামলায় জেএমবির ১৩ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনজন ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লেসিভ ডিভাইস-আইইডি) অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পরেরদিন চকবাজার থানায় উপ-পরিদর্শক জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন