
নিউজ ডেস্কঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) যোগ দিতে গতকাল মঙ্গলবার রাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, রাশিয়ান ফেডারেশনের ডেপুটি প্রাইম মিনিষ্টার সারজেই প্রিডহেডকোর আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগদান করছেন। আগামী ১ থেকে ৩ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এ সম্মেলনের মূল উদ্দেশ্য। রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ফোরামের প্রধান পৃষ্ঠপোষক।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে জ্বালানি খাতে একটি সহযোগিতার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এতে স্বাক্ষর করবেন বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নজিমউদ্দিন চৌধুরী এবং রাশিয়ার সরকারের পক্ষে রাশিয়ান ফেডারেশনের জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নজিমউদ্দিন চৌধুরী বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন। ৬ জুন বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।