
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বর্তমানে দেশে ৩০ লাখ ৮ হাজার ২৫৭টি মোটরযান রয়েছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,মোটর যানগুলোর মধ্যে ৩৯ হাজার ৯৪৫টি বাস,২৭ হাজার ১১৮টি মিনিবাস,১ লাখ ১৯ হাজার ৮০৪টি ট্রাক,লরী ৪ হাজার ৬৬৪টি এবং প্রাইভেটকার ৩ লাখ ১০ হাজার ৮২১টি। সড়ক পরিবহনমন্ত্রী বলেন,এ খাত থেকে ২০১৬-১৭ অর্থবছরের ২০১৭ সালের ২০ মে পর্যন্ত ১ হাজার ২৭৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ৯৫২ কোটি টাকা,২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেনপুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে ২ হাজার ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ জন মৃত্যুবরণ করেছে ও ২ হাজার ১৩৪ জন আহত হয়েছে। তিনি বলেন,একই পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে ৩ হাজার ৩৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৯৫৮ জন মৃত্যুবরণ করেন ও ২ হাজার ৬৮৬ জন আহত হয়েছে।