
নিউজ ডেস্কঃ নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক আদালতে এ সংক্রান্ত একটি আরব্রিট্রেশন মামলা বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এই আদেশ দেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারদলীয় জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে নাইকো মামলা করে দুদক। পরে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
আন্তজার্তিক সালিশি আদালতে নাইকো সংক্রান্ত আরব্রিট্রেশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকার আদালতে এই মামলার বিচার কার্যক্রম স্থগিতের আবেদন করেন ব্যারিস্টার মওদুদ। গত বছরের ১৬ আগস্ট ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালত ওই আবেদন খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন মওদুদ। গত পহেলা ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। পরে হাইকোর্ট ওই রুল খারিজ করে দেয়। এই খারিজের রায়ের বিরুদ্ধে আপিল করেন সাবেক এই আইনমন্ত্রী। আজ আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেয়।
পরে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন,আপিল বিভাগের এই আদেশের ফলে নাইকো মামলার কার্যক্রম খালেদা জিয়াসহ অন্য আসামিদের ক্ষেত্রেও স্থগিত থাকবে। তবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মওদুদ আহমদের আবেদনের ওপর আদেশ দিয়েছে আদালত। এর ফলে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত থাকবে,অন্যদের ক্ষেত্রে নয়।