
নিউজ ডেস্কঃ বাজেটে বরাদ্দ রাখার জন্য প্রতিবছরই সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-গোষ্ঠী নানা দাবি তোলে। এসব দাবি পূরণে সরকারও বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু বরাদ্দ থাকলেই কি টাকা পাওয়া যায়? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্যই বলছে,না। আবার বরাদ্দ ছাড়াও দেওয়া হয় কোটি কোটি টাকা। অর্থ বিভাগে চলতি ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে এমন চিত্র উঠে এসেছে। বাজেটে বিশেষ অনুদান ঋণ ও অগ্রিম,নগদ ও বৈদেশিক ঋণ ইত্যাদি বাবদ বরাদ্দ রাখা হয়। সংশোধিত বাজেট বিশ্লেষণে দেখা যায়,অনুন্নয়ন বাজেটের বিভিন্ন কর্মসূচির জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও টাকা খরচ না হওয়ার ঘটনা বেশি ঘটছে।
অনুন্নয়ন বাজেটে নারী উদ্যোক্তা তহবিলের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ১০০ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয় ৩৪ কোটি ৫০ লাখ টাকা। আবার শিশুদের জন্য বিশেষ তহবিল বাবদ বরাদ্দ ৪০ কোটি টাকা থেকে কমিয়ে অর্ধেকের নিচে নামিয়ে আনা হয়েছে। তহবিলটির আকার এখন ১৮ কোটি ৭৭ লাখ টাকা। এ ছাড়া ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) বাবদ ২৪৪ কোটি টাকা অনুদান রাখা হলেও সংশোধিত বাজেটে তা কেটে করা হয় ১৮৭ কোটি টাকা। আইপিএফএফের জন্য বৈদেশিক ঋণও রাখা হয়েছিল ৪৫০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৩২ কোটি টাকা করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতেও ভর্তুকি ও প্রণোদনা বাবদ রাখা বরাদ্দ ৪০০ কোটি টাকা থেকে কেটে ১০০ কোটি টাকা এবং সাহায্য মঞ্জুরিও ১০০ কোটি থেকে কমিয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে।
এদিকে মূল বাজেটে কোনো বরাদ্দ না থাকলেও সংশোধিত বাজেটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জন্য ঋণ ও অগ্রিম বাবদ রাখা হয়েছে ৫ কোটি টাকা। প্রতিবছরই এমন ঘটনা ঘটছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত অর্থবছরেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও পোলট্রি খামারিদের সহায়তা দিতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও কোনো খরচই হয়নি। খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার এবং প্রশিক্ষণকাজে বিশেষ সহায়তার জন্য রাখা ৭০ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ৮৫ লাখ টাকা।
অথচ বরাদ্দ রাখার জন্য বাজেট বক্তব্যে এগুলো নিয়ে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি থাকে। পরে এসব প্রতিশ্রুতি নিয়ে অর্থমন্ত্রীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে জানা গেছে। বরাদ্দের অর্থ খরচ না হওয়াকে বাজেট বাস্তবায়নের দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে,কিছু কর্মসূচি শুধুই রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়,আর কিছু নেওয়া হয় লোক দেখানোর জন্য। কিছু কর্মসূচি নেওয়া হয় সত্যিই বাস্তবায়নের জন্য,যদিও বাস্তবায়ন সক্ষমতার অভাব রয়েছে সরকারি-বেসরকারি উভয় পর্যায়েই।
দুবার বাজেট দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রশাসনিক দুর্বলতাকে বরাদ্দ করা অর্থ খরচ না হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন। এ বিষয়ে তিনি বলেন,বরাদ্দ থাকা সত্ত্বেও টাকা খরচ না হলে বাজেটের প্রতি মানুষের বিশ্বস্ততা কমে যায়। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্য বলছেন,বরাদ্দ থাকলেই যে খরচ করতে হবে,তার কোনো মানে নেই। কৌশলগত কারণেও বরাদ্দ রাখা হয়। তাঁদের মতে,কিছু বরাদ্দ আছে,যা খরচ না হওয়াই ভালো। যেমন সরকারি ব্যাংকগুলোকে মূলধন দেওয়া,থোক বরাদ্দ ও ভর্তুকি।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে থোক বরাদ্দ রাখা হয়েছিল ২ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯৩ কোটি টাকা করা হয়েছে। ‘বিবিধ বিনিয়োগ’ নাম দিয়ে বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ১৫ হাজার ১৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ২ হাজার ৯০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। ব্যাংকের মূলধন পুনর্গঠনে বিনিয়োগ’ নাম দিয়ে সরকারি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে রাখা হয়েছিল ২ হাজার কোটি টাকা। এ থেকে সরকারি ব্যাংকগুলোকে এরই মধ্যে অবশ্য দেওয়া হয় ১ হাজার ৭০০ কোটি টাকা। জানতে চাইলে অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি।