
নিউজ ডেস্কঃ সাভারস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ),পরিবেশ বিজ্ঞান,এমবিবিএস,বিডিএস ও ফিজিওথেরাপী বিভাগে ছাত্রভর্তি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন মহামান্য হাইকোর্ট। হাইকোর্টের রীট মামলা নং ৭১৯৬/২০১৭এর প্রেক্ষিতে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খান এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
উক্ত আদেশে গত ২৬ এপ্রিল ২০১৭ তারিখে বেশ কিছু দৈনিক পত্রিকায় ইউজিসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনের (উপরোক্ত বিষয়ে ছাত্রভর্তি বন্ধের নির্দেশমূলক) কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং এ ধরণের বিভ্রান্তিকর বিজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না,এই মর্মে সচিব,শিক্ষা মন্ত্রণালয় ও চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর রুল নিশি জারি করেন এবং তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন। গণ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানার স্বাক্ষরে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।