
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোরা’কে মোকাবেলার সার্বিক ব্যস্ততার সুযোগেই সংঘবদ্ধ পাচারকারীর দল চেষ্টা করেছিল তেরো লাখ ইয়াবার একটি বিশাল চালান পাচার করতে। কিন্তু সেই বিশাল চালানটি ধরা পড়ে গেল একটুর জন্য। গতকাল সোমবার দেশের আইন প্রয়োগকারি সংস্থা থেকে শুরু করে লোকজন যখন ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যস্ত ছিলেন তখনই এই বিশাল চালানটি নিয়ে মিয়ানমার থেকে পাচারকারীর দল রওয়ানা দেয় টেকনাফে। পাচারকারীরা মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকতের বাহারছড়ার নয়াঘাট নামক এলাকা দিয়ে পাচারের চেষ্টা চালায়। ইয়াবার একটি বড় চালান প্রবেশের গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে এ সময় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয় ওই এলাকায়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফের বিশেষ অভিযান পরিচালনাকারী স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখের নেতৃত্বে একটি দল পাচারকারীদের চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা পাচারকারীদের থামানোর লক্ষে ২ (দুই) রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা চারটি বস্তা থেকে ১৩,০০,০০০ (তেরো লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোষ্ট গার্ড টেকনাফ ষ্টেশনের প্রধান লেঃ বিএন ডিকসন চৌধুরী জানান, এটি কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত এ যাবৎ কালের ইয়াবার সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৫,০০,০০,০০০/০০ ( টাকা পঁয়ষট্রি কোটি মাত্র)।