
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান। পুরুষ আট কোটি ১০ লাখ আর নারী আট কোটি সাত লাখ ৫০ হাজার। এর আগে ২০১৫ সালের নমুনা জরিপ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ৮৯ লাখ। এই হিসাবে গত এক বছরে দেশের জনসংখ্যা বেড়েছে ২৮ লাখ ৫০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ নমুনা জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ জরিপের তথ্য-উপাত্ত তুলে ধরেন এর প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক। তিনি বলেন,সারা দেশে নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট কিছু জরিপকর্মী দিয়ে এ জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবছরই এ জরিপ পরিচালনা করা হয়। সারা দেশের দুই হাজার ১২টি এলাকায় এ নমুনা জরিপের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে এক হাজার ৭৭টি পল্লী এলাকার আর ৯৩৫টি শহর এলাকা থেকে এ তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী,২০১৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত হিসাবে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে আট কোটি ১০ লাখ পুরুষ আর আট কোটি সাত লাখ ৫০ হাজার নারী। এর আগে ২০১৬ সালের জুন পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি আট লাখ। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি পাঁচ লাখ আর নারীর সংখ্যা আট কোটি তিন লাখ। এক বছর আগে বা ২০১৫ সালে জনসংখ্যা ছিল ১৫ কোটি ৮৯ লাখ। ওই বছর পুরুষের সংখ্যা ছিল সাত কোটি ৯৬ লাখ আর নারীর সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ।
নমুনা জরিপ সাধারণ দুটি আদমশুমারির মধ্যবর্তী সময়ে করা হয়েছে। আদমশুমারিতে প্রতিটি বাড়ি ও ঘর থেকে জনসংখ্যার তথ্য সংগ্রহ করা হলেও নমুনা জরিপে তা করা হয় না। নমুনা জরিপে দুটি পদ্ধতিতে নির্দিষ্ট এলাকার তথ্য সংগ্রহ করা হয়। দুই পদ্ধতিতে সংগ্রহ করা এসব তথ্য মিলিয়ে যাচাই-বাছাইয়ের পর জরিপের ফল নির্ধারণ করা হয়। আদমশুমারিতে জনসংখ্যার প্রকৃত তথ্য বের হয়ে এলেও নমুনা জরিপে তা নয়।
বাংলাদেশে সবর্শেষ আদমশুমারি হয়েছিল ২০১১ সালে। পঞ্চম ওই আদমশুমারি প্রতিবেদনে জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। ওই আদমশুমারির তথ্যের সঙ্গে সর্বশেষ নুমনা জরিপের তথ্যের তুলনা করলে গত ছয় বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় দুই কোটি। বিবিএসের তথ্যানুযায়ী,গেল পাঁচ বছরে (২০১২-১৬) দেশে মুসলমানের সংখ্যা কমেছে ০.৪ শতাংশ। ২০১২ সালে মোট জনসংখ্যার ৮৮.৮ শতাংশ মুসলমান ছিল, ২০১৬ সালে এটি কমে হয়েছে ৮৮.৪। যেখানে ২০১২ সালে অন্য ধর্মের হার ছিল ১১.২ শতাংশ,এটা ২০১৬ সালে দাঁড়িয়েছে ১১.৬ শতাংশে।
দেশে পরিবারপ্রতি সদস্য সংখ্যাও কমেছে বলে জানানো হয়েছে ওই জরিপে। জরিপ অনুযায়ী,গড় খানার সদস্যও কমেছে। ২০১২ সালে যেখানে গড় খানার সদস্য ছিল ৪.৫ জন,সেখানে ২০১৬ সালে তা নেমে দাঁড়িয়েছে ৪.৩ জনে। পাশাপাশি কমেছে নির্ভরতার অনুপাত (ডিপেনডেন্সি রেট)। ২০০২ সালে নির্ভরতার হার ছিল ৮০ শতাংশ,২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। তবে গত পাঁচ বছরে তা প্রায় স্থিতিতে রয়েছে