
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা লিয়াকত আলীকে গতকাল সোমবার শপথবাক্য পাঠ করিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অথচ খুনসহ পাঁচ মামলার পলাতক আসামি লিয়াকতকে পুলিশ খুঁজেই পাচ্ছে না। তাঁকে ধরতে পুলিশ অভিযানও চালাচ্ছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম পুলিশ। সেই লিয়াকত সকালে চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম পরীর পাহাড়ের আদালত ভবন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শপথ নিয়ে আবার নিরাপদে ফিরেও গেছেন। যদিও বাঁশখালীর বিভিন্ন ইউপির নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা যে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শপথ নেবেন সেই তথ্য আগে থেকেই চট্টগ্রাম জেলা পুলিশের জানা ছিল।
জেলা পুলিশের বিশেষ শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন,নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের কথা জেলা পুলিশ আগে থেকেই জানত। সেখানে কারা উপস্থিত থাকবেন সেই তালিকাও পুলিশের কাছে ছিল। লিয়াকতের উপস্থিত থাকার তথ্যও পুলিশের কাছে ছিল। কিন্তু এর পরও তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া যায়নি। অন্য একটি বাহিনীর তত্ত্বাবধানে লিয়াকত আলীকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে—এমন তথ্য জানার পর পুলিশ পিছু হটে।
গণ্ডামারায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ প্রকল্পের জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ৪ এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। এতে চারজন গ্রামবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা,অস্ত্র এবং সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাগুলোতে লিয়াকত আলীকে আসামি করা হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়,লিয়াকত আলীই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সংঘর্ষে জড়ানোর উসকানি দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে খুনসহ পাঁচটি মামলা করে পুলিশ।
লিয়াকত আলীকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁইয়া বলেন,লিয়াকত আলীর বিরুদ্ধে খুনসহ পাঁচটি মামলা আছে বাঁশখালী থানায়। তিনি পলাতক আসামি। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছে। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন,এমন তথ্য পুলিশের কাছে ছিল না। এ কারণে তাৎক্ষণিক গ্রেপ্তার অভিযান চালানো যায়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,লিয়াকত আলীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্তাধীন। এসব মামলায় তিনি জামিন নেননি। পুলিশের খাতায় তিনি পলাতক। তাঁকে পেলেই গ্রেপ্তার করা হবে।
যোগাযোগ করলে শপথ গ্রহণের কথা স্বীকার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা লিয়াকত আলী বলেন,আমি সকালে ডিসি সাহেবের সম্মেলনকক্ষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছি। পাঁচটি মামলায় পলাতক থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে সব মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলায় আমার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করেননি। আমি একা একাই জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েছি,কারো সঙ্গে যাইনি।
লিয়াকতকে গ্রেপ্তার না করার বিষয়ে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন,লিয়াকত এখন চেয়ারম্যান হয়ে গেছেন। শপথ কোথায় হয় আমি তো জানি না। লিয়াকতের বিরুদ্ধে কয়টি মামলা এবং তদন্ত কোন পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন,আমি এখন থানার বাইরে আছি। এসব তথ্য নথি দেখে বলতে হবে।
খুনের মামলার পলাতক আসামিকে শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন,খুনের মামলার আসামি কি না,সেটা আমি জানি না। তিনি নির্বাচিত হয়ে শপথ নিতে এসেছেন। অন্য চেয়ারম্যানদের সঙ্গে শপথ নিয়ে চলে গেছেন। তিনি যদি ফৌজদারি মামলার আসামি হন,তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে।