
নিউজ ডেস্কঃ পিএইচডি এবং বিভিন্ন ডিগ্রীর নামে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা মামলায় কারাগারে থাকা কক্সবাজার জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজীবের জামিন হয়নি। গতকাল রবিবার ও আজ সোমবার মামলার শুনানির সময় জামিন আবেদন করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী জামিন আবেদন নাকচ করে দেন। এরপর পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়। বাদীর আইনজীবী সুসেন কান্তি দাশ বলেন,শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আসামি আশরাফুল ইসলাম সজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন এখনো ঠিক হয়নি।
তিনি বলেন,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সুইজারল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির স্থানীয় নাম দিয়ে পরিচালিত কিংস্টোন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি। পুলিশি তদন্ত প্রতিবেদনেও বিষয়টি প্রমাণিত হয়েছে। শত শত শিক্ষার্থীকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদ দেওয়ার নামে যে প্রতারণা করা হয়েছে তার শাস্তি চেয়েছি শুনানিতে।
উল্লেখ্য,জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সজীব প্রভাব খাটিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় শত শত শিক্ষার্থীর কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেন। প্রতারিত সেই শিক্ষার্থীরা এখন সজিবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এই মামলায় গত বৃহষ্পতিবার কারাগারে যাওয়ার পর সজিব ফেইসবুকে স্ট্যাটাস দেন চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন দেশে এসে কথা বলবেন। বাস্তবে তিনি কারাগারে যান। এই প্রতারণার ঘটনা জানার পর সুচিন্তা চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের সমন্বয়ক আশরাফুল ইসলাম সজীবকে সাময়িকভাবে পদ থেকে অব্যহতি দেওয়া হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগও দলের ভাবমূর্তির স্বার্থে তার সদস্যপদ বাতিলের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।
আরো জানা গেছে,কক্সবাজার জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুলইসলাম সজীব বিদেশ থেকে ফিরে চট্টগ্রামে এসে সুইজারল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির স্থানীয় শাখা নাম দিয়ে ‘কিংস্টোন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি নামক বিশ্ববিদ্যালয় খুলে বসেন। চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার একটি ভাড়া বাসার তিনটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের নামে তিনি ঢাকা ও কক্সবাজারে এডমিশন অফিস খোলেন এবং জাতীয় ও স্থানীয় পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছিলেন। কথিত এই বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ ছাড়াও পিএইচডি ডিগ্রির অফারও দেওয়া হয়। বিজ্ঞাপনের অফার অনুযায়ী পিএইচডি ডিগ্রির জন্য ব্যয় হবে ৬ লাখ ৩০ হাজার টাকা। তিন বছরের বিবিএ পড়তে লাগবে ৩ লাখ ২০ হাজার টাকা। পাশাপাশি এক থেকে তিন বছর মেয়াদী আরো একাধিক কোর্চ চালুর বিষয়টি বিজ্ঞাপনে প্রকাশ-প্রচার করে কথিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করা ছাত্র মোসলেহ উদ্দিন ভুঁইয়ার দায়ের করা মামলার তদন্তকালে ভুয়া বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি আদালতের কাছেফাঁস হয়।