
নিউজ ডেস্কঃ জাতীয় প্রবৃদ্ধি হার সম্পর্কে সরকার মিথ্যাচার'করে জনগণকে প্রতারিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন,আজকে প্রবৃদ্ধির হার বলতে গিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে। সঠিক পরিসংখ্যান বলছে না সরকার। বানিয়ে বানিয়ে বিভিন্নভাবে মিথ্যাচার করা হচ্ছে। সরকার প্রবৃদ্ধি হার সম্পর্কে যেসব তথ্য দিচ্ছে এর কোনটাই ঠিক নয়। প্রত্যেকটাতে গরমিল আছে।
তিনি বলেন,প্রবৃদ্ধি হচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা-নেত্রীদের,সরকারের মন্ত্রীদের। বিএনপি মহাসচিব বলেন,দেশের হাজার কোটি টাকা বিভিন্ন খাত থেকে লুটপাট করে নিয়ে বিদেশে পাঁচার করছে। কানাডাতে বেগম পল্লী নামে নতুন পল্লী তৈরি হয়েছে। মালয়েশিয়া,সিঙ্গাপুর,সব জায়গায় এখন বাড়ি-ঘর তৈরি করছে এই নতুন নব্য সব ধনীকেরা।
তিনি বলেন,আজকের এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। তারা সবার আগে আঘাত করেছেন রাজনীতিতে,রাষ্ট্রীয় কাঠামোতে। সুপরিকল্পিতভাবে বাকশাল না করে নতুন মোড়কে তারা গণতন্ত্রের নাম একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। অত্যন্ত সচতুরতার সঙ্গে মানুষের অধিকারগুলো কেড়ে নিচ্ছে। সংসদে কোনো বিরোধী দল নেই। দেশের স্বার্থ নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। ন্যায় বিচার নেই,আইনের শাসন নেই,বিচার বিভাগের স্বাধীনতা নেই। সরকারের কোনো জবাবদিহি নেই। মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দেশ চালাচ্ছে।