
নিউজ ডেস্কঃ আপন জুয়েলার্সের পাঁচটি শাখা থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কারের মধ্যে ৮৫ জন গ্রাহককে তাদের গচ্ছিত ২ দশমিক ৩৩ কেজি স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হয়েছে। আজ সোমবার শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব স্বর্ণালঙ্কার ফেরত দেন। ওই পাঁচটি শাখায় ১৮২ জন গ্রাহক তাদের স্বর্ণালঙ্কার মেরামতের জন্য গচ্ছিত রেখেছিলেন। এখনও ৯৭ জন গ্রাহক তাদের স্বর্ণালঙ্কার ফেরত নেননি।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক দিপা রাণী হালদার জানান,আজ সোমবার সকাল ১০টার দিকে তাদের পৃথক পাঁচটি টিম পুলিশের সহায়তায় আপন জুয়েলার্সের সীলগালা করা পাঁচটি শাখায় অবস্থান নেন। এ সময় আপন জুয়েলার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কাগজপত্র যাচাই করে ও জাতীয় পরিচয়পত্র রেখে ১৮২ জন গ্রাহকের মধ্যে ৮৫ জন গ্রাহককে তাদের স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান,আপন জুয়েলার্সের উত্তরা শাখায় ১৫ জন,গুলশানের সুবাস্তু ইমাম শাখায় ১৩ জন,গুলশান ডিসিসি মার্কেট শাখায় ১৫ জন,মৌচাক শাখায় ১৯ জন এবং সীমান্ত স্কয়ার শাখায় ২৩ জন গ্রাহককে তাদের গচ্ছিত ২ দশমিক ৩৩ কেজি স্বর্ণালঙ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর ৯৭ জন গ্রাহক সময় মতো শাখাগুলোতে উপস্থিত হননি। এজন্য তাদের স্বর্ণ ফেরত দেওয়া সম্ভব হয়নি। তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।