News71.com
 Bangladesh
 29 May 17, 04:08 PM
 245           
 0
 29 May 17, 04:08 PM

আবহাওয়ার ওপর নির্ভর করেই ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সিদ্ধান্ত.....  

আবহাওয়ার ওপর নির্ভর করেই ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সিদ্ধান্ত.....   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী ডিসেম্বরের প্রথম অথবা শেষ সপ্তাহে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তবে উৎক্ষেপণের বিষয়টি অনেকটা আবহাওয়ার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন,আবহাওয়া যদি অনুকূলে না থাকে তাহলে সেটা জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন।

এছাড়া স্যাটেলাইট নির্মাণের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে এটি তৈরি হয়ে গেছে। এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছুই সময়মতো বাস্তবায়ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি চলছে। সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ,ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান,তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেয়া সম্ভব হবে না বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন