
সনজিৎ সরকার উজ্জ্বল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ভাংচুরের ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ভিসির নিকট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। তবে মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। এদিকে রবিবার আটক ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রবিবার সাড়ে ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যানারে শিক্ষকদের একটি অংশ ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন সাংবাদিক বলেন, তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন, আন্দোলনে হামলাকারীদের বিচার, হল বন্ধের নির্দেশ বাতিল ও প্রক্টরের জবাবদিহির দাবি জানিয়েছেন। সোমবার একই দাবিতে ভিসি ফারজানা ইসলামের সঙ্গে আলোচনায় বসতে যাচেছন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা।
রবিবার বিকেল চারটার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিবৃত্ত করতে আপ্রাণ চেষ্টা করেছি। তাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছি। তাদের কথামতো লিখিত দিয়েছি। কিš‘ এরপরও তারা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে। আমার আর কিছুই করার ছিল না। এরপর তারা আমার বাসা ভাংচুর করেছে।’ মামলার বিষয়ে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার করা সম্ভব নয়। তবে সবদিক বিবেচনা করে কী করা যায়, সেটা আমরা ভাবছি।
এদিকে শনিবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় ভাংচুরের ঘটনায় অধ্যাপক অসিত বরণ পালকে প্রধান এবং উপ-রেজিস্ট্রার মো. আবু হাসানকে সদস্যসচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মো. শাহেদুর রশিদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক রাশেদা আখতার, সহযোগী অধ্যাপক নাজমুল হাসান। তদন্ত কমিটির প্রধান অসিত বরণ পাল সোমবার জানান, তদন্তের কাজ শুরু হয়েছে। তদন্ত হবে সার্বিক বিষয়ে: দুর্ঘটনার কারণ , আন্দোলনে হামলাকারীদের তদন্ত, ভিসি ভবনে ভাংচুর কারীদের বিষয়ে তদন্ত, শিক্ষক আহত ও লাঞ্ছনাকারীদের বিষয়ে তদন্ত এবং দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে কেউ ক্যাম্পাসকে অ¯ি’তিশীল করার চেষ্টা করছে কিনা এসব বিষয়ও তদন্তের অন্তর্ভুক্ত হবে।
এদিকে শিক্ষক শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন সোমবার বলেন, আমরা রবিবার ভিসির নিকট মামলা প্রত্যাহার সহ কয়েকটি দাবি জানিয়েছিলাম। প্রশাসন আমাদের দাবির দোয়াক্কা করেনি। আমরা একই দাবিতে ভিসির সঙ্গে আবার আলোচনায় বসবো। শুক্রবার ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ কয়েকটি দাবিতে শনিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার জের ধরে বিকেলে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। ভিসি না এলে শিক্ষার্থীরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালান। পরে ভিসি বাসভবনের ভেতর থেকে ৪২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের রবিবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন দিয়েছেন।