
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের পর বিক্ষোভ-ভাংচুরসহ সার্বিক ঘটনার বিবেচনা করার জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক অসিত বরণ পালকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,অধ্যাপক মো. শাহেদুর রশিদ,অধ্যাপক লুৎফর রহমান,অধ্যাপক রাশেদা আখতার,সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জাতীয়তবাদী শিক্ষক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়েছে।
এর আগে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের পর বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দশ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিববার তাদের আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সবার জামিন মঞ্জুর করেন। শিক্ষার্থীদের আইনজীবী সানাউল ইসলাম টিপু জানান,এ মামলায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে।