
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলাদা ঘটনায় পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। আজ (রবিবার) ভোরে হাইওয়ে পুলিশ উপজেলা সদরের কৈডুবি এলাকা থেকে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ট্রাক থেকে চালকের সহকারী আসলাম বেপারী’র লাশ উদ্ধার করে। সে মাদারীপুরের ঘটকচরের হানিফ বেপারীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো.এজাজুল ইসলাম জানান,রাজশাহী থেকে আম নিয়ে মাদারীপুরে যাওয়ার পথে আজ ভোরে কৈডুবি নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের ভেতর থেকে আসলাম বেপারীর লাশ উদ্ধার করেছে। আজ দুপুরে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ভাঙ্গারথানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান,আজ সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রাম থেকে মিলি বেগম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের হাবিবুর মাতুব্বরের মেয়ে। পরিবারের দাবি মিলি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।