
নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে করা দুটি মামলায় দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পাবনা জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী আবদুল আহাদ।
আদালত সূত্রে জানা গেছে,আজ রবিবার দুপুরে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলায় শুধু তমালকে এবং অপর একটি মামলায় তমালসহ তাঁর ১০ সহযোগীর জামিন আবেদন করা হয়। কিন্তু আদালতের বিচারক রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে রাখার নির্দেশ দেন। সূত্র আরো জানায়,এর আগে ২২ মে তাঁর প্রথম দফায় জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। এ ব্যাপারে এপিপি আবদুল আহাদ বলেন,আবারও জামিন আবেদন করা হবে। আশা করছি,আদালত জামিন মঞ্জুর করবেন।