
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। আজ রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংগাইর উপজেলার বায়রা কাটাখালী গ্রামের আব্দুল বারেক (৪৫),একই গ্রামের তাহের আলম (৪৬) ও আসলাম হোসেন (৫০),সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের নিতাই সরকার (১৫) ও জয়ন্ত সরকার (১৩)। রাজিব মিয়া নামে এক যুবক জানান,বায়রা কাটাখালী গ্রামের আসলাম হোসেনের বাড়িতে ধানকাটার কাজ করছিলেন কয়েকজন কৃষক। বৃষ্টির সময় তারা ক্ষেতের পাশে ধানের গোলায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আব্দুল বারেক,হাসপাতালে নেয়ার পর তাহের আলী এবং আসলাম হোসেনের মৃত্যু হয়। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইমাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরদিকে,সাটুরিয়ায় বজ্রপাতে দুইস্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার হরগজ গ্রামের নিতাই সরকার (১৫) ও জয়ন্ত সরকার (১৩)। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।