News71.com
 Bangladesh
 28 May 17, 07:26 PM
 269           
 0
 28 May 17, 07:26 PM

সকল আবাসিক হল ছেড়েছে জাবি শিক্ষার্থীরা, আটক ৪২ শিক্ষার্থীর জামিন

সকল আবাসিক হল ছেড়েছে জাবি শিক্ষার্থীরা, আটক ৪২ শিক্ষার্থীর জামিন

সনজিৎ সরকার উজ্জ্বল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশে রবিবার সকাল থেকেই ক্যাম্পাস ছেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের পর বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের পর জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল, লাঠিপেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সবার জামিন মঞ্জুর করেন।


এদিকে রবিবার সকাল সাড়ে এগারটায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চার দফা দাবিতে ভিসি ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাত করেন। তাদের দাবিগুলো হলো: সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে, হল ভ্যাকেন্ট স্থগিত করতে হবে, ভিসি ভবনে হামলাকারীদের আজীবন বহিষ্কার করতে হবে, শিক্ষকদের আহত ও লাঞ্ছনাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।ভিসি এই বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, কিছু দিনের মধ্যেই হল ভ্যাকেন্ট প্রত্যাহার করা হবে।


সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দল ভিসি ভবন থেকে বের হবার সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের শিক্ষক প্রতিনিধিরা ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে আলোচনায় বসেন। ভিসির সঙ্গে আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম আক্তার হোসাইন সাংবাদিকদের বলেন, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে,তাদের মুক্তি দিতে হবে ও মামলা প্রত্যাহার করতে হবে।আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে। প্রক্টরকে তার দায়িত্বে অবহেলার জবাবদিহিতা করতে হবে।


বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত শুক্রবার ভোরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় নিহত হন। ওইদিন দুপুরে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের সহপাঠীরা। এরপর নিহতদের লাশ বিশ্ববিদ্যালয়ে না এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করেন। শনিবার দুপুর থেকে তারা ফের মহাসড়কে অবস্থান নিলে বিকালে পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। সে সময় সাতজন শিক্ষার্থীসহ অন্তত আটজন আহত হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বিকালে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলেও পরে ভিসির বাসভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাংচুর চালায়। এর মধ্যেই ভিসি শনিবার রাত দশটায় সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। সিন্ডিকেটের সভা শেষে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষকরা বেরিয়ে এলে পুলিশ ভিসি বাসভবনের ভেতরে থাকা ১০ ছাত্রীসহ আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের ১৫টি হল থেকে শিক্ষার্থীরা চলে যান। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির যুগান্তরকে জানান, শিক্ষক লাঞ্ছনা, ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা করে।ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের ঢাকার আদালতে তোলা হয় বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন