
নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ ছোবহান (৫০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে উপজেলার বাইশারি ছোট ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছোবহান বাড়ির পাশের মোতাহের বিল্লা চৌধুরীর (সবুজ মিয়া) রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,আজ ভোর সাড়ে চারটার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে নিজ বসতবাড়ী থেকে বের হয়ে ১০০ গজ দূরেই তিনি হাতির আক্রমণের শিকার হন।
নিহতের স্ত্রী পারভীন আকতার জানান,বন্য হাতির দল তাকে ধরে শুঁড় দিয়ে আছড়াতে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় আশপাশের লোকজন বেরিয়ে এলে হাতির দল পালিয়ে যায়। থানা পুলিশ জানায়,বাইশারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণ কুমার দাশ,উপপরিদর্শক আবু মুসা,সহকারি উপ-পরিদর্শক উমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি এসএম তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।